ওয়ারেন্ট অব প্রিসিডেন্স কাকে বলে?
“ওয়ারেন্ট অব প্রিসিডেন্স” (Warrant of Precedence) বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম বলতে একটি দেশের রাষ্ট্রীয় বা সরকারি পদাধিকারীদের আনুষ্ঠানিক ক্রমতালিকা (Hierarchy) কে বোঝানো হয়। এই পদমর্যাদাক্রম দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী, বিচারপতি, সামরিক বাহিনীর প্রধান, রাষ্ট্রদূত এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পদমর্যাদার একটি সুনির্দিষ্ট তালিকা।
এই তালিকাটি মূলত প্রোটোকল (Protocol) বা আনুষ্ঠানিকতার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন—রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে (State ceremony) কার পর কে বসবেন, কে আগে বক্তব্য রাখবেন বা কাকে প্রথমে স্বাগত জানানো হবে—এই বিষয়গুলো নির্ধারণের জন্য। রাষ্ট্রীয় ভোজসভা (State Banquets), সামরিক কুচকাওয়াজ (Military Parades), আন্তর্জাতিক সম্মেলন ও বৈঠক (International Conferences), বিদেশি অতিথিদের অভ্যর্থনা (Reception of foreign guests), শপথগ্রহণ অনুষ্ঠান (Oath-taking Ceremonies), সংসদীয় আসনবিন্যাস (Parliamentary Seating), শবযাত্রা ও সমাধিস্থ করার সময় (Funeral Processions), গাড়ীর শোভাযাত্রা (Car cortege) সাধারণত ইত্যাদি অনুষ্ঠানে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স প্রয়োগের প্রয়োজন দেখা দেয়।
এটি কোনো ব্যক্তির ক্ষমতা বা আইনি অধিকারের তালিকা নয়, বরং রাষ্ট্রাচার অনুযায়ী আনুষ্ঠানিক শিষ্টাচার এবং মর্যাদাক্রমের নির্দেশিকা। “ওয়ারেন্ট অব প্রিসিডেন্স” এর প্রধান উদ্দেশ্য হলো সরকারি অনুষ্ঠানে পদমর্যাদার শৃঙ্খলা বজায় রাখা এবং পদমর্যাদা নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো।
প্রতিটি দেশের নিজেদের প্রয়োজন এবং সাংস্কৃতি ও ঐতিহাসিক রীতি-ঐতিহ্য অনুযায়ী এই পদক্রম তালিকা তৈরি করে।
আরও পড়ুন- গ্রেফতার ও আটকের পার্থক্য
