বিড়াল হত্যায় এক যুবকের ৬ মাসের কারাদণ্ড
ঢাকার মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যার ঘটনায় করা মামলায় আসামি আকবর হোসেন শিবলুকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম আলবিরুনী মীরের আদালত আজ বুধবার (১১ মার্চ) দুপুরে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন আদালত। ওই দিন রায় ঘোষণার তারিখ পিছিয়ে আদালত আজকের দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, গত ২ ডিসেম্বর এই মামলায় অনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এ নিয়ে আদালত মামলাটিতে ৪ জনের সাক্ষ্য নিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলায় মনসুরের বিড়াল নিখোঁজ হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পায়ে পিষে মৃত্যু নিশ্চিত করেন।
বিড়াল হত্যার ঘটনায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি প্রাণিকল্যাণ আইনে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। সেদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে মোহাম্মদপুর থানার পুলিশকে নির্দেশ দেন।
পরে মোহাম্মদপুর থানার পুলিশ আসামি আকবরের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়। গত বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আর আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।
আরও পড়ুন- ২০ কুকুর হত্যার ঘটনায় ৩ জনের আড়াই বছর করে কারাদণ্ড
